২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ২৫ মার্চ ২০২৬

মাদকের ছোবলে হারিয়ে যাওয়া স্বপ্ন

আপলোড সময় : ২৫-০৩-২০২৬
মাদকের ছোবলে হারিয়ে যাওয়া স্বপ্ন
//সাইফুল ইসলাম রনি// গ্রামের নাম সোনারপুর। সবুজে ঘেরা, শান্ত একটা জনপদ। এখানে মানুষের স্বপ্নগুলো খুব সাধারণ, কিন্তু খুব গভীর। সেই গ্রামেরই এক পরিবার রহমানদের পরিবার। রহমান সাহেব ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তি সবাই মান্য করতো। তার একমাত্র ছেলে রাশেদকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। ছেলে একদিন বড় হবে, ভালো চাকরি করবে, সংসারের অভাব দূর করবে এই আশাতেই দিন কাটতো তার। মাও ছেলেকে নিয়ে কত আশা বুনতেন, গ্রামের সবার কাছে গর্ব করে বলতেন, “আমার ছেলে একদিন বড় মানুষ হবে।” কিন্তু সব কিছু যে স্বপ্নের মতো চলে না। কলেজে উঠার পর রাশেদের বন্ধুবান্ধব বদলে যেতে লাগল। শুরু হলো আড্ডা, আড্ডায় এক দুই টান বন্ধুদের সাথে সিগারেট, তারপর একদিন আড্ডায় “শুধু একবার চেষ্টা কর” বলে তাকে দেওয়া হলো মাদক। সেই একবারই ছিল তার জীবনের মোড় ঘোরানোর শুরু। প্রথমে পরিবার বুঝতে পারেনি। রাশেদ চুপচাপ হয়ে গেল, টাকা চাইতে লাগল, পড়াশোনায় আগ্রহ কমে গেল। রহমান সাহেব ভেবেছিলেন “যৌবনের ভুল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।” কিন্তু ভুলটা তখন আর ছোট ছিল না। ধীরে ধীরে ঘরের জিনিসপত্র বিক্রি হতে লাগল। মায়ের সোনার গয়না, বাবার জমির কাগজ সব কিছু একে একে হারিয়ে যেতে লাগল। পরিবার শুধু আর্থিক সংকটে পড়ল না, সমাজের কাছেও ছোট হতে লাগল। যারা একসময় সম্মান করত, তারাই এখন আড়ালে কথা বলে। একদিন রাশেদ নেশার টাকার জন্য বাবার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ল। সেই ঝগড়া একসময় ভয়াবহ রূপ নিল। নিজের বাবার ওপর হাত তুলল সে। রহমান সাহেব গুরুতর আহত হয়ে মৃত্যু বরন করলেন। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। রাশেদের মা ভেঙে পড়েছিলেন। যে ছেলেকে নিয়ে এত স্বপ্ন ছিল, সেই ছেলেই এখন তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়। এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবনই নষ্ট করে না, সে তার পরিবার, সমাজ, এমনকি পুরো রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এই গল্প আমাদের একটা কঠিন সত্যের সামনে দাঁড় করায়। মাদক কখনো “একবার চেষ্টা” দিয়ে শুরু হলেও, তার শেষ হয় ধ্বংস দিয়ে। যদি এখনই আমরা সচেতন না হই, পরিবারে নজরদারি না বাড়াই, সন্তানদের সাথে খোলামেলা কথা না বলি, সামাজিক ভাবে প্রতিহত না করি। তাহলে আরও অনেক রহমান পরিবার তাদের স্বপ্ন হারাবে। তাই আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি। মাদককে না বলি, সামাজিক সচেতনতা বারাই, আর আমাদের সমাজকে বাঁচাই।কারণ একটি পরিবার বাঁচলে, একটি সমাজ বাঁচে। লেখক: প্রবাসী সাংবাদিক


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ