০২ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের দশ লাখ পর্যন্ত ঋণ দেবে সরকার

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৪-২০২৬
বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের দশ লাখ পর্যন্ত ঋণ দেবে সরকার
বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশি কর্মীদের কারিগরি দক্ষতা ও ভাষাগত সক্ষমতা বাড়াতে বিশেষ ঋণ কর্মসূচি চালু করেছে রাষ্ট্রায়ত্ত প্রবাসী কল্যাণ ব্যাংক। ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জন ঋণ’ শীর্ষক এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীরা কোনো প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক সূত্রে জানা গেছে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এই ঋণ কার্যক্রম সাজানো হয়েছে। ঋণের অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি হিসেবে পরিশোধ করা হবে। এ ছাড়া প্রবাসে অবস্থানকালীন থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্যও এই তহবিল থেকে সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত অনুযায়ী, আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্যাংক শাখার আওতাভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। ঋণের আবেদন করার সময় সংশ্লিষ্ট দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাগত দক্ষতার সনদ (যেমন: জাপানি ভাষার এন-৫ বা কোরিয়ান ভাষার টিওপিআইকে লেভেল ৩) দাখিল করা বাধ্যতামূলক। আবেদনের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এই বিশেষ ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ। ঋণের অর্থ পরিশোধের জন্য গ্রাহকরা সর্বোচ্চ তিন বছর সময় পাবেন। অন্যান্য ফি ও আনুষঙ্গিক চার্জ ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। আগ্রহী ব্যক্তিরা বিস্তারিত তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের নিকটস্থ শাখা অথবা হেল্পলাইন নম্বর ১৬২৩৮-এ যোগাযোগ করতে পারেন। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.pkb.gov.bd) থেকেও বিস্তারিত জানা যাবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ