০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আটক

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৮-০৪-২০২৬
অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আটক
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রোববার পূর্ব সিডনির মারুব্রা এলাকায় র‍্যান্ডম ব্রেথ টেস্টে পজিটিভ আসার পর ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হলে দ্বিতীয় পরীক্ষাতেও তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণের বেশি পাওয়া যায়। পুলিশ জানায়, দ্বিতীয় পরীক্ষায় তাঁর অ্যালকোহল লেভেল ছিল ০.১০৪। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, একটি ভ্যান টেস্টিং সাইটের আগে থেমে পার্ক করতে দেখা যায়। পরে ট্রাফিক ও হাইওয়ে প্যাট্রোলের সদস্যরা গাড়িটির কাছে গিয়ে চালককে পরীক্ষা করেন, যেখানে পজিটিভ ফল আসে। এরপর তাঁকে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও একই ফল পাওয়া যায়। অজি গ্ৰেট ওয়ার্নারের বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ প্রেসক্রাইবড কনসেন্ট্রেশন অব অ্যালকোহল’ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা নিউ সাউথ ওয়েলসে ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার মধ্যে অ্যালকোহল থাকলে প্রযোজ্য। আগামী ৭ মে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটির পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে। সূত্র : দ্য টেলিগ্রাফ


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ