১০ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

এনসিপি'র নেত্রী রাফিয়া রাফি আর নেই

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৯-০৪-২০২৬
এনসিপি'র নেত্রী রাফিয়া রাফি আর নেই
বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩২ বছর। দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে হঠাৎ তলপেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে রাফিয়াকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান। রাফিয়ার মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে এনসিপির বগুড়া জেলা শাখা। শোক বার্তায় জেলা আহ্বায়ক এম এস এ মাহমুদ ও সদস্য সচিব সুলতান মাহমুদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ ছাড়া এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে তিনি রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে ‘নুর-রাশেদ-ফারুক’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রজীবন থেকেই বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন রাফিয়া। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ