১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৯-০৪-২০২৬
প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ প্যারিসের রাস্তায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণবিক্ষোভ করতে দেখা যাচ্ছে।
ফিলিস্তিন, লেবানন ও ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কথিত যৌথ আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বিশাল প্রতিবাদী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প‍্যারিসের মেনিলমোঁতাঁ এলাকা থেকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নানা শ্রেণি-পেশা ও জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে জনসমাগম বাড়তে থাকে। আয়োজকদের দাবি, কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী আরব, আফ্রিকান, ইউরোপীয়সহ বিভিন্ন দেশের নাগরিক, পাশাপাশি স্থানীয় ফরাসি অধিবাসীরাও। ধর্ম-বর্ণ-নির্বিশেষে নানা সংস্কৃতির মানুষের উপস্থিতি এই প্রতিবাদকে বহুমাত্রিক রূপ দেয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে মানবাধিকার রক্ষা, যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানানো হয়। “শান্তি চাই”, “ফিলিস্তিনের স্বাধীনতা চাই” এবং “যুদ্ধ বন্ধ করো” এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন ও মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সহিংসতা বন্ধ করা হয় এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পথ তৈরি করা হয়। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এলাকায় নিরাপত্তা জোরদার করতে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন শহরের মতো প্যারিসেও এ ধরনের প্রতিবাদ ও সংহতি কর্মসূচি অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ