প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্ষিক মেডিকেল রিপোর্ট প্রকাশের পর চমৎকার শারীরিক অবস্থায় আছেন বলেও জানিয়েছেন তিনি। ওই রিপোর্টের তথ্য বলছে, তার শরীর থেকে একটি ম্যালিগন্যান্ট টিউমার (ক্যান্সারযুক্ত টিউমার) অপসারণ করা হয়েছে। খবর বিবিসি।
শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া একটি পোস্টে নেতানিয়াহু বলেন, প্রোস্টেটের একটি সফল অস্ত্রোপচারের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকরা তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পান। তিনি আরো বলেন, চিকিৎসার মাধ্যমে সেটি দূর করা হয়েছে এবং এর কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই।
এ স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে বিলম্ব করার অনুরোধ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। তেহরান যেন ইসরায়েলের বিরুদ্ধে আরো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ না পায়, সেজন্যই এ অনুরোধ করেছিলেন।
নেতানিয়াহু জানান, ২০২৪ সালে প্রোস্টেট বৃদ্ধির কারণে প্রথম অস্ত্রোপচার হয়েছিল এবং এরপর থেকেই তিনি নিয়মিত মেডিকেল পর্যবেক্ষণে ছিলেন। সাম্প্রতিক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ক্ষুদ্র ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করা হয়।
তিনি বলেন, আমার প্রোস্টেটে সামান্য একটি মেডিকেল সমস্যা ছিল যার সম্পূর্ণ চিকিৎসা করা হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, এটি এখন অতীত।
কমেন্ট বক্স