২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-০৪-২০২৬
পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের চুল্লিতে বসানো হলো ইউরেনিয়াম। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করল। বাংলাদেশ এখন পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রকল্প এলাকায় আয়োজিত জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের নবযাত্রায় শুভ কামনা জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি।

আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচ্বভ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানায় মন্ত্রণালয়।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ