ভারত সফরে যাচ্ছে নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারতে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এই সফর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বিষয়টি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিরিজের ম্যাচগুলো কলকাতা ও কটকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।
জানা গেছে, “প্রস্তাবিত সূচি অনুযায়ী আমরা ১৪ বা ১৫ ডিসেম্বর ভারতে যেতে পারি। যদিও চূড়ান্ত সূচি এখনো হয়নি, তবে আয়োজকরা ওই সময়ের কথা বিবেচনা করে প্রস্তুতি নিতে বলেছে।”
এর আগে ৮ নভেম্বর থেকে বিকেএসপিতে নারী জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হচ্ছে। তবে ফিটনেস উন্নয়নের জন্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিগে খেলবেন না। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে অতিরিক্ত চাপ ও ইনজুরির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারী বিশ্বকাপে বাংলাদেশ দল সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল এবং আট দলের মধ্যে সপ্তম স্থানে ছিল। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টুর্নামেন্ট শেষে ২৮ অক্টোবর দেশে ফেরেন ক্রিকেটাররা, এখন তারা সংক্ষিপ্ত বিশ্রামে আছেন।
যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে, তবুও নারী দলের সিরিজটি ভারতের মাঠেই অনুষ্ঠিত হবে। নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ নারী দল ডিসেম্বরেই ভারতে যাবে।
কমেন্ট বক্স