‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন

আপলোড সময় : ১১-১২-২০২৫ , আপডেট সময় : ১১-১২-২০২৫
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপেও তিনি তা নিশ্চিত করেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, “যোগ্য ও যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ‘ট্রাম্প গোল্ড ভিসা’ এখন চালু। এই ভিসা মার্কিন নাগরিকত্বের একটি সরাসরি পথ তৈরি করবে। আমাদের মহান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।”

মার্কিন কর্মকর্তারা জানান, এই ভিসা নিতে হলে আবেদনকারীদের প্রথমে trumpcard.gov ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘Apply Now’ বাটনে ক্লিক করলে আবেদন ফরম পাওয়া যাবে। ফরম পূরণ করে জমা দেওয়ার সময় দিতে হবে ১৫ হাজার ডলার আবেদন ফি—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা। ভিসা প্রসেসিং ফি হিসেবে এই অর্থ গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।

আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হলে তা আবেদনকারীকে জানানো হবে এবং এরপর ভিসার জন্য ‘চাঁদা’ হিসেবে আবেদনকারীকে দিতে হবে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা)। ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে এই ‘চাঁদা’-কে উল্লেখ করা হয়েছে উপহার হিসেবে। সেই সঙ্গে বলা হয়েছে, ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মতো। গ্রিন কার্ডধারী ব্যক্তিরা যেমন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমোদনপ্রাপ্ত— এই ভিসাধারীরাও তেমন সুবিধা পাবেন।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “মূলত এই ভিসা একপ্রকার গ্রিন কার্ড, তবে এটি (প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে) অনেক ভালো, শক্তিশালী এবং নাগরিকত্ব লাভের জন্য আদর্শ পথ।”

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রয়টার্সকে জানিয়েছেন, ট্রামকার্ড ডট গভ ওয়েবসাইটটির প্রাক-নিবন্ধন পর্যায়েই ট্রাম্প গোল্ডকার্ড ভিসার জন্য আবেদন করে ফেলেছেন প্রায় ১০ হাজার আবেদনকারী। আবেদেনের সংখ্যা আরও অনেক বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।

“আমরা আশা করছি যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার কার্ড আমরা বিক্রি করতে পারব এবং শত শত কোটি ডলার উপার্জন করতে পারব,” রয়টার্সকে বলেন লুটনিক। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :