​ঢাকা-গাজীপুর রুটে চালু হলো বিআরটিসির এসি বাস

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:০৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ১২:০৫:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ঢাকা-গাজীপুর রুটে বহুল আলোচিত বিআরটি প্রকল্পের বাস সার্ভিস চালু হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবা শুরু হলো।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে ১০টি বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘কাজ শেষ হয়নি। তারপরও প্রকল্পটি উদ্বোধনের কারণে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে।’

তিনি বলেন, ‘বিআরটি একটি রুগ্ন প্রকল্প আমরা জানি। এর আগেও, অনেকবার সময় বাড়ানো হয়েছে। তারপরও কাজ শেষ হয়নি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই, পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ১০টি এসি বাস চলাচল করবে। প্রয়োজনে বা চাহিদা বাড়লে আরও বাড়ানো হবে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তানের ভাড়া ৭০ টাকা।’

২০১১ সালে বিআরটি প্রকল্প হাতে নেওয়া হয়। সে সময় চার বছরের মধ্যে আধুনিক জোড়া লাগানো বড় বাস চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বলা হয়েছিল, বিআরটি প্রকল্প দিয়ে ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। যানজট, সিগন্যাল কিংবা অন্য কোনো বাধায় বাস আটকে থাকবে না। কিন্তু, প্রকল্প নেওয়ার এক যুগের বেশি সময় পর চালু হলো কাজ বাকি রেখেই।

নতুনদেশ/জেএফ/

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :