সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার যত দ্রুত সংবিধান সংস্কারের বিষয়টি উপলব্ধি করবে, দেশের চলমান সংকট তত দ্রুত কাটবে। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণে বিরোধী দল নিজেদের পথেই এগোবে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এ ধরনের সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের সঙ্গে নিয়েই দাবি আদায় করা হবে।’
রবিবার (২২ মার্চ) বেলা ১১টায় ঈদ-পরবর্তী সফরে সিলেট এসে ভিআইপি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার জনস্বার্থের পক্ষে কাজ করলে বিরোধী দল হিসেবে সমর্থন ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে, আর জনস্বার্থের বিপক্ষে গেলে জোরালো প্রতিবাদ করা হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘জনগণের কাছে আমরা দুটি বিষয়ে ভোট চেয়েছিলাম— গণভোট ও সংসদ নির্বাচন।’ জনগণ উভয় ক্ষেত্রেই সমর্থন দিয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘একটি যদি বৈধ হয়, অন্যটি অবৈধ হবে কেন?’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের রায়কে সম্মান জানানোই সবার দায়িত্ব। এ বিষয়ে বিরোধিতা করা হলে তা দুঃখজনক হবে।’
সিলেট-ঢাকা মহাসড়কের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘পথে বিভিন্ন স্থানে ভাঙাচোরা রাস্তা দেখে “ওয়েলকাম টু সিলেট” মন্তব্য করেছি। সড়কের নাজুক অবস্থাসহ বিভিন্ন খাতে উন্নয়নের ঘাটতি স্পষ্ট।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাজ সম্পন্ন হলে জবাবদিহিতা নিশ্চিত হবে।’
মতবিনিময় সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং মহানগর আমির আলী মুহাম্মদ ফখরুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।