ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে- নাহিদ

আপলোড সময় : ১১-০৪-২০২৬ , আপডেট সময় : ১১-০৪-২০২৬
 ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের জাতীয় ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭-এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এদেশে যত গণ-অভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাঁদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।’

শ্রমজীবী মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি এক মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে। কিন্তু এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।’

অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। গণ-আন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।’

নাহিদ বলেন, ‘আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল—একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ব; রাজনীতি-অর্থনীতি-সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব; নতুন বন্দোবস্তের শ্রমিকের হিস্যা নিশ্চিত করব; সেই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় শ্রমিক শক্তি সেই ঐক্যের পথে আছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহির আওতায় আনতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘ঐক্যবদ্ধ হোন। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। নতুন বাংলাদেশের পথে গণ-অভ্যুত্থানের বাংলাদেশকে, জুলাইয়ের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শুধু জাতীয় সংসদ নয়, আমাদের এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। রাজপথের প্রস্তুতির মাধ্যমে, গণ-আন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই আমরা বর্তমান সরকারকে বাধ্য করব জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকের অধিকারে প্রতিটি দাবি যাতে নিশ্চিত হয়।’ 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :