এনসিপির ২ নেত্রীর মনোনয়ন স্থগিত ও বাতিল

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ , আপডেট সময় : ২৩-০৪-২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত ও নুসরাত তাবাসসুমের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনিরা শারমিনকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমার নির্দেশ দিয়েছে ইসি।

বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

ইসি জানিয়েছে, জামায়াত জোটের ১৩ মনোনয়নপত্রের মধ্যে ১২ জনকে বৈধ বিবেচিত হয়েছে। তবে স্থগিত করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র।

এছাড়া স্বতন্ত্র হিসেবে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনিরা শারমিনকে মনোনীত করেছে।

মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে যোগদান করেন। ১০ম গ্রেডের কর্মকর্তা হিসেবে গত বছরের ডিসেম্বরে ব্যাংক থেকে পদত্যাগ করেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তা না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত তার মনোনয়ন বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের অন্তত তিন বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

মঈন উদ্দীন খান এনসিপির প্রার্থী মনিরা শারমিনের উদ্দেশ্যে বলেন, আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করবেন।

এদিকে অপর এনসিপি নেত্রী নুসরাত তাবসসুমের মনোনয়নও বাতিল করেছে ইসি। মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি।

নুসরাত তাবাসসুম মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেন। তবে এদিন বিকাল ৪টা পর্যন্ত ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সময়ের পরে জমা দেওয়া মনোনয়নপত্র আমলে নেওয়ার সুযোগ নেই। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’ 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :