পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে রাজধানীর সঙ্গে যুক্ত করার উদ্যোগ

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ , আপডেট সময় : ২৪-০৪-২০২৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা এ প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পূর্বাচল-সংক্রান্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা তিনটি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবাগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না।

এ ছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবাও পাওয়া সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ, মশক নিয়ন্ত্রণের মতো নাগরিক সেবা বাড়ানো প্রয়োজন। সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিত করতে প্রকল্প এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত করা প্রয়োজন।

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক।

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। এসব যুক্তি বিবেচনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :