​ভারতকে ‘হেলহোল’ আখ্যা ট্রাম্পের, তীব্র নিন্দা নয়াদিল্লির

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ , আপডেট সময় : ২৪-০৪-২০২৬
ভারতকে ‘হেলহোল’ (নরকতুল্য) বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে এই মন্তব্যকে ‘অনুপযুক্ত’ ও ‘অজ্ঞাতপ্রসূত’ বলে অভিহিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগামী মাসে ভারত সফরের পরিকল্পনার ঠিক আগেই ট্রাম্পের এই উত্তেজনাকর পোস্টটি সামনে এলো। রুবিওর সফরের লক্ষ্য ছিল ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ দুই শক্তির মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিরসন করা।


ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে কনজারভেটিভ পডকাস্ট উপস্থাপক মাইকেল স্যাভেজের মন্তব্যের একটি প্রতিলিপি শেয়ার করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারের কঠোর সমালোচনা করা হয়েছে। ট্রাম্পের ওই পোস্টে কোনও প্রমাণ ছাড়াই অভিযোগ করা হয়েছে যে, প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয় অভিবাসীরা শ্বেতাঙ্গ আমেরিকানদের নিয়োগ দিচ্ছেন না। এছাড়া অসংগতভাবে দাবি করা হয়েছে যে, ভারতীয় অভিবাসীদের ইংরেজি ভাষায় দক্ষতা নেই। ট্রাম্প ওই পোস্টে স্যাভেজের মন্তব্যের একটি ভিডিও ফুটেজও যুক্ত করেছেন।

পোস্টটিতে বলা হয়েছে, ‘এখানে (যুক্তরাষ্ট্রে) জন্ম নেওয়া একটি শিশু তাৎক্ষণিক নাগরিক হয়ে যায়, আর এরপর তারা চীন বা ভারত বা এই গ্রহের অন্য কোনও হেলহোল (নরকতুল্য) থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।’

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ‘স্পষ্টতই অজ্ঞাতপ্রসূত, অনুপযুক্ত ও রুচিহীন’। তিনি আরও বলেন, ‘এই মন্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তবতাকে প্রতিফলিত করে না। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে টিকে আছে।’

এছাড়া হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ট্রাম্পের এই পোস্টকে ‘ঘৃণ্য ও বর্ণবাদী’ বলে বর্ণনা করেছে। এক্সে দেওয়া বিবৃতিতে তারা লিখেছে, ‘একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের মন্তব্য উসকানিমূলক, যা আমাদের সম্প্রদায়কে বিপন্ন করবে। এমন সময়ে যখন বিদেশভীতি ও বর্ণবাদ চরম পর্যায়ে রয়েছে, তখন এ ধরনের মন্তব্য আরও ঘৃণা ছড়াবে।’

উল্লেখ্য, ট্রাম্প তার মেয়াদে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছেন এবং ভারতীয় প্রযুক্তি কর্মীদের ব্যবহৃত ভিসা নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :