এক যুগ পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

আপলোড সময় : ৩০-১০-২০২৫ , আপডেট সময় : ৩০-১০-২০২৫
এক যুগ পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্ল্যাকক্যাপ ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এমনিতেই দুই দলের মধ্যে অনেক গ্যাপে হয় সিরিজ। ২০১৩ সনে শেষ সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১৫, ২০১৮ ও ২০২৩ সনে অনুষ্টিত টানা তিন সিরিজে জিতেছে ইংল্যান্ড। দীর্ঘদিন পর সিরিজ জিতলো কিইউরা। 


নিউজিল্যান্ডে অনুষ্টিত সিরিজের প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। ফলে এ জয়ে এক ম্যাচ বাকী থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ব্ল্যাক-ক্যাপস। 
এ ম্যাচে হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ২৯ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৮১ রানে পঞ্চম উইকেট পতনে চাপে পড়ে ইংলিশরা। জেমি স্মিথ ১৩, বেন ডাকেট ১, জো রুট ২৫, জ্যাকব বেথেল ১৮ ও জশ বাটলার ৯ রানে আউট হন।
ষষ্ঠ থেকে অষ্টম উইকেট জুটিতে ৮৩ রান তুলে ইংল্যান্ডকে লড়াকু পুুঁজি এনে দেওয়ার পথ দেখান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও অধিনায়ক হ্যারি ব্রুক, স্যাম কুরান ও জেমি ওভারটন। কিন্তু ১১ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট শিকার করে ৩৬ ওভারে ইংল্যান্ডকে ১৭৫ রানে আটকে রাখতে বড় অবদান রাখেন নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন জেমি ওভারটন। এছাড়া ব্রুক ৩৪ ও কুরান ১৭ রান করেন। ৮ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন টিকনার।
জবাবে ইনিংসের চতুর্থ বলে খালি হাতে ফিরেন নিউজিল্যান্ড ওপেনার উইল ইয়ং। তিন নম্বরে নেমে ভাল শুরু করেও ২১ রানে থামেন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
তৃতীয় উইকেটে ৫৯ বলে ৬৩ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ভাল অবস্থায় নেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করে রবীন্দ্র থামার পর দ্রুত ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ২ ও মাইকেল ব্রেসওয়েল ৫ রানে আউট হন। এতে ১১৮ রানে পঞ্চম উইকেট পতনে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় কিউইরা। 
কিন্তু ষষ্ঠ উইকেটে মিচেলকে নিয়ে ৩২ বলে ৫৯ রানের ঝড়ো জুটিতে ১০১ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ২টি চার ও ৩টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন স্যান্টনার। ৫৯ বলে অনবদ্য ৫৬ রান করেন ৬টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজানো মিচেল।
ইংল্যান্ডের জোফরা আর্চার ২৩ রানে ৩ উইকেট নেন। বল হাতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন টিকনার। আগামী ৩১ অক্টোবর ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল। 
উল্লেখ্য, দুই দেশের মধ্যে এ পর্যন্ত অর্থাৎ ১৯৭৩ সন থেকে ২১ টি ওয়ানডে সিরিজ অনুষ্টিত হয়। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৯টি, নিউজিল্যান্ড সাতটি বাকী সিরিজ ড্র।  

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :